আইয়্যামে-হা (মলমাসের দিবসসমূহের প্রার্থনা) (#8470)

*“বৎসরের মাসগুলির দিনসমুহের সমষ্টির (কারণ ১৯ মাসে বৎসর, এক মাসে ১৯দিন) অতিরিক্ত দিনগুলি (চার বা পাঁচ দিন) উপবাস মাসের পুর্বে স্থাপন কর। এই দিনগুলিকে রাত্র-দিন একত্রে গণনা করতঃ আরবী আবজাদ গণনার হিসাব মতে আরবী ‘হা’ অক্ষরের প্রকাশরূপে নির্দিষ্ট করিয়াছি। এইরূপে বৎসরের দিনগুলির ও বৎসরের মাসগুলির সংখ্যা নির্ধারিত হইয়াছে। এই দিবসসমুহে বাহা’ই ধর্মালম্বীদের উচিত নিজদিগকে ও আত্মীয়-স্বজনকে এবং দরিদ্র, অভাবগ্রস্থজনকে ভোজন করাইবে এবং মনের আনন্দ ও উৎফুল্লতা সহকারে তাহাদের নিকট ঈশ্বরের একত্ব, শ্রেষ্ঠত্ব, পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী শ্লোকসমুহ  আবৃতি করিবে এবং যখন দানসমূহের দিবসগুলি অতীত হইয়া যাইবে, তখন উপবাস-মাসে প্রবেশ করিবে-মানবের পরম প্রভু এইরূপই আদেশ করিয়াছেন।’’ কিতাবে আক্বদাস-৪৫ শ্লোক
আইয়্যামে-হা অর্থাৎ আবজাদের ‘হা’ বর্ণের সংখ্যার দিনগুলি যাহা পাঁচ দিন, ২৬শে ফেব্রুয়ারী হইতে পহেলা মার্চ পর্যন্ত চার কিম্বা পাঁচ দিন, এইগুলি উপবাসের জন্য প্রস্তুতির দিনসমূহ, অতিথি সৎকারের দিন, দান ও উপহার প্রদানের দিন।’’
	প্রভু আমার, অগ্নি আমার এবং আলোক আমার। যে দিবসসমূহকে তোমার ঐশী গ্রন্থে তুমি ‘আইয়্যামে-হা’ নাম দিয়াছ, সেই দিবস সমূহ আরম্ভ হইয়াছে, হে তুমি যিনি নামসমূহের সম্রাট এবং যে উপবাস, তোমার পরম মহিমানি¦ত লেখনী দ্বারা, যাহারা তোমার সৃষ্টির রাজ্যে অবস্থান করিতেছে তাহাদের সকলকে, প্রতিপালন করার জন্য আদেশ করিয়াছ, তাহা নিকটবর্তী হইতেছে। হে আমার পরম প্রভু। এই সমুদয় দিবসের সহায়তায় এবং তাহাদের সকলের সহায়তায়, যাহারা এই নির্ধারিত সময়ে তোমার আদেশসমূহের রজ্জু আঁকড়াইয়া ধরিয়াছে এবং তোমার বিধি-বিধানসমূহের  হাতল ধৃত করিয়া রহিয়াছে, আমি তোমার নিকট অনুনয় করিতেছি যেন তুমি প্রত্যেক আত্মার জন্য তোমার প্রাঙ্গণের সীমার মধ্যে একটি স্থান নির্দিষ্ট করিয়া দাও এবং তোমার মুখমন্ডলের আলোকের প্রভাবসমূহের প্রকাশের স্থানে একটি আসন দান করিতে সম্মত হও।
	ইহারা তোমার সেবক, হে আমার পরম প্রভু, যাহাদিগকে তুমি তোমার ঐশী গ্রন্থে যাহা অবতীর্ণ করিয়াছিলে তাহা হইতে কোন প্রকার দূষিত অনুরাগ পশ্চাদপদ হইতে দেয় নাই। তাহারা তোমার প্রত্যাদেশের সন্মুখে তাহাদের মস্তক অবনত করিয়াছে এবং তাহারা তোমার অবতীর্ণ গ্রন্থ এইরূপ দৃঢ়ভাবে ও দৃঢ় সংকল্পের সহিত গ্রহণ করিয়াছে, যাহা কেবল তোমারই দানে সম্ভব এবং তাহারা তাহাই প্রতিপালন করিয়াছে, যাহা তুমি তাহাদের জন্য ব্যবস্থা প্রদান করিয়াছিলে এবং যাহা তোমা কর্তৃক অবতীর্ণ করা হইয়াছিল, তাহাই তাহারা অনুসরণ করিতে মনোনীত করিয়াছে।
	তুমি দেখিতে পাইতেছ, হে আমার পরম প্রভু, তুমি তোমার ধর্মগ্রন্থসমূহে যাহা অবতীর্ণ করিয়াছ তাহারা কি প্রকারে তাহা চিনিতে পরিয়াছে এবং স্বীকার করিয়া লইয়াছে। হে আমার প্রভু, তোমার কৃপার হস্ত হইতে তোমার অনন্তকালীন জলরাশি তাহাদিগকে পান করিতে দাও। অতঃপর তাহাদের জন্য সেই প্রতিদান লিপিবদ্ধ কর যাহা তাহার জন্য ব্যবস্থা করা হইয়াছে,      যে তোমার উপস্থিতি মহাসাগরে নিজেকে নিমজ্জিত করিয়াছে এবং তোমার সাক্ষাৎকার লাভের উৎকৃষ্ট সুরা পান করিয়াছে।
	আমি তোমার নিকট বিনীত প্রার্থনা করিতেছি, হে তুমি, যিনি রাজাদের সম্রাট এবং উৎপীড়িতদের প্রতি দয়ালু, যেন তুমি তাহাদের জন্য এই পৃথিবীর ও পরবর্তী পৃথিবীর মঙ্গলের ব্যবস্থা কর। অধিকিন্তু, তাহাদের জন্য উহা  লিপিবদ্ধ কর, যাহা তোমার সৃষ্ট জীবদের কেহই আবিস্কার করিতে সমর্থ হয় নাই এবং তাহাদিগকে তাহাদের সহিত গণনা কর, যাহারা তোমার চতুর্দিকে পরিভ্রমণ করিয়াছে এবং যাহারা তোমার জগৎসমূহের প্রত্যেক জগতে তোমার সিংহাসনের নিকটে পরিভ্রমণ করে।
	সত্যই তুমি সর্বশক্তিমান, সর্বজ্ঞ,সর্ব বিজ্ঞ।

-Bahá'u'lláh
-----------------------

